শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

একই সিনেমায় এবার কিং খান ও আল্লু অর্জুন

একই সিনেমায় এবার কিং খান ও আল্লু অর্জুন

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলির হাত ধরে এবার বড় পর্দায় বড়সড় এক চমক আসতে যাচ্ছে। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ শিরোনামের একটি সিনেমায় দুই জগতের এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। আর এমন খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। বছরের শুরুতেই সিনেমাটির টিজার প্রকাশ্যে আসে। যেখানে পাহাড়ের ওপর দাঁড়িয়ে শাহরুখের সেই চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতার ও হুঙ্কার ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেয়। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। 

এর মধ্যেই শাহরুখ-আল্লু অর্জুনের একসঙ্গে কাজ করার খবরটি নতুন করে আগুনের মতো ছড়িয়েছে। এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের। তবে শিডিউল জটিলতায় শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

এবার সেই আক্ষেপ মিটতে যাচ্ছে। তবে এবার সমীকরণ কিছুটা উল্টো। আল্লু অর্জুনের সিনেমাতেই ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান।

মূলত ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এই জল্পনার সূত্রপাত। পোস্টারটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছিলেন বলিউড বাদশা। তখন উত্তরে অ্যাটলি লিখেছিলেন, ‘লাভ ইউ স্যার, আপনাকে আরও গর্বিত করব।’ সেই থেকেই ধারণা করা হচ্ছে, অ্যাটলির এই প্রজেক্টেই যুক্ত হচ্ছেন শাহরুখ।

সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও। এর আগে ‘জওয়ান’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি। এবার ‘রাকা’র হাত ধরে ফের এই ত্রয়ীর রসায়ন বড় পর্দায় দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

সূত্র: ঢাকা পোষ্ট