মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

সংগৃহীত

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (৩) অনুযায়ী, মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা পাঠাবেন। তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মচারীদের রাখা যাবে।

তবে সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠাবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনাটি দেশের সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নতুন করে এ নির্দেশনা জারি করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ সেপ্টেম্বর ২০২৬ || ১৪ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: