সংগৃহীত
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৬ সালের উপবৃত্তি কার্যক্রমে নবম ও একাদশ সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি আগামীকাল সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে। উপবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের তথ্য আগামী ১৩ জুন রাত ১০টার মধ্যে এন্ট্রি করে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
রোববার (৭ জুন) স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সংশোধিত ম্যানুয়াল অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সুপারিশযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতের জন্য এর আগে নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, ষষ্ঠ ও একাদশ অথবা সমমান শ্রেণির তথ্য এন্ট্রির নির্ধারিত সময়সীমা গত ২২ মে শেষ হলেও একাদশ শ্রেণির তথ্য এন্ট্রি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ কারণে নবম ও একাদশ অথবা সমমান শ্রেণির উপবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের তথ্য পুনরায় সফটওয়্যারে এন্ট্রির সুযোগ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালে ভর্তিকৃত নবম শ্রেণি ও নবম মাদ্রাসা (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২৫-২৬ সেশনের একাদশ অথবা সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আগামী ৮ জুন থেকে ১৩ জুনের মধ্যে সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে। এরপর সফটওয়্যারের নির্ধারিত ‘USEO-তে পাঠান’ অপশন ব্যবহার করে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবম শ্রেণির ক্ষেত্রে শুধুমাত্র সেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, যারা উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য এন্ট্রি ও প্রেরণের সুবিধা ১৩ জুন রাত ১০টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এছাড়া উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের উপজেলা বা মহানগর পর্যায়ের উপদেষ্টা কমিটির সভা আয়োজন করে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করতে বলা হয়েছে। যাচাই শেষে সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ১৪ জুনের মধ্যে সফটওয়্যারের নির্ধারিত অপশন ব্যবহার করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাতেও বলা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)
.webp)
.webp)






.webp)

