সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিলখী কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সুপারকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে সংশ্লিষ্ট সভাপতি, সুপার ও সহ সুপারকে ঢাকায় শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অধিদপ্তরের পরিদর্শক (ঢাকা) মুর্শিদা করিমের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিলখী কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফাকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা এবং প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে— এমন অভিযোগ অধিদপ্তরে জমা পড়েছে। ওই অভিযোগের বিষয়ে আগামী ২০ মে সকাল ১১টায় অধিদপ্তরে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে নিলখী কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি, সুপার মো. গোলাম মোস্তফা এবং সহ সুপার মো. আতাউর রহমানকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এ চিঠির অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা), সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ও বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)











