সংগৃহীত
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ।
বিমানবন্দরে পরিবারের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সব আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে দুই প্রবাসীর মরদেহ তাদের নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।
প্রতিমন্ত্রী জানান, মরদেহ পরিবহনের ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন। ঘটনার পর তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়।
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)






