শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাগুরায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু, টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে

মাগুরায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু, টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে

সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে শনিবার (২৩ মে) থেকে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং মিলারদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। 

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান। তিনি জানান, সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে অর্থ পরিশোধের কারণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষক উপকৃত হবেন।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার গত ২৭ এপ্রিলের এক স্মারকে জানানো হয়, চলতি বোরো সংগ্রহ মৌসুমে সারা দেশে ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রাও অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় সম্ভাব্য বোরো উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬৩ টন। এর মধ্যে শুধু মাগুরা সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১১ টন। এছাড়া মোহাম্মদপুর উপজেলায় ৭৫৭ টন, শালিখা উপজেলায় ১ হাজার ৪১৫ টন এবং শ্রীপুর উপজেলায় ১৩৯ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহান জানান, সরকার নির্ধারিত তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। একজন নির্বাচিত কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান দিতে পারবেন।

তিনি আরও জানান, প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে এবং কৃষকের নামীয় ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। শনিবার থেকে মাগুরা সদরে ধান ক্রয় কার্যক্রম শুরু হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, মিলারদের কাছ থেকেও ইতোমধ্যে চাল সংগ্রহ শুরু হয়েছে। সরকার নির্ধারিত ৪৯ টাকা কেজি দরে মাগুরা সদরের জন্য চাল সংগ্রহের বরাদ্দ রয়েছে ৩ হাজার ৭৫৮ টন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ৩৮টি নিবন্ধিত মিল রয়েছে। এর মধ্যে দুটি অটো রাইস মিল এবং ৩৬টি হাস্কিং মিল থেকে চাল সংগ্রহ করা হবে। সব সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে মাগুরা সদর এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনের মাধ্যমে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ মে ২০২৬ || ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন