শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

সংগৃহীত

গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর চিকিৎসায় বড় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে উপজেলা পর্যায়ের হাসপাতালেই পাওয়া যাবে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’। বর্ষা মৌসুমে মৃত্যুর ঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে দেশের সব সিভিল সার্জনকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন বর্ষা মৌসুমে দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জন্য ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জনরা তাদের আওতাধীন উপজেলা হাসপাতালগুলোর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই ওষুধ বিতরণ করবেন।

চিঠিতে সিভিল সার্জনদের আগামী ২ কর্মদিবসের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে এই প্রতিষেধক সংগ্রহ করতে বলা হয়েছে। জীবনরক্ষাকারী এই ওষুধের গুণগত মান ঠিক রাখতে সম্পূর্ণ ‘কোল্ড চেইন’ (শীতলীকরণ প্রক্রিয়া) বজায় রেখে তা পরিবহনের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল ঢাকা পোস্টে  ‘সাপে কাটে গ্রামে, অ্যান্টিভেনম থাকে শহরে; মৃত্যু হয় পথেই’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সরকারের নজরে আসে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে সংকট নিরসনে সরাসরি মাঠ পর্যায়ে প্রতিষেধক পৌঁছানোর নির্দেশনা দেয় সরকার।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ মে ২০২৬ || ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন