সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) দিবাগত রাতের এই নির্মম ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হিরো (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে ঘটনার পর থেকে অপর অভিযুক্ত সোহেল (২৫) পলাতক রয়েছেন।
অভিযুক্ত হিরো স্থানীয় মনির হোসেনের ছেলে এবং সোহেল জামাল পাটোয়ারীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত দুই যুবক তাকে কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে পরিবারের লোকজন বিষয়টি টের পান।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত হিরোকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনার পর পরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)





