সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের প্রস্তুতিতে সহায়তা করতে আইইএলটিএস বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হল সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বুধবার (২০ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল অর্জনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকরা আইইএলটিএস পরীক্ষার অংশ লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি পরীক্ষার প্রস্তুতির বাস্তবসম্মত কৌশল, ভালো স্কোর অর্জনের উপায় এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা যেন যথাযথ প্রস্তুতির মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রুকু খাতুন বলেন, অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক এমন উদ্যোগ শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) শিমু আক্তার বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এ আয়োজনের সহযোগিতায় ছিল আয়েল্টস এডুলাইটিকস এবং ক্যারিয়ার এমপাওয়ারমেন্ট ফোরাম। এছাড়া নেসক্যাফে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কফি বিতরণ করে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্রও প্রদান করা হয়।
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)







