সংগৃহীত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০০১ সালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।
নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের চলতি ভিসি ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, নিয়োগ বাতিলের অফিসিয়াল চিঠি এখনও তিনি পাননি। তবে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে তার প্রতি শুভেচ্ছা জানান তিনি এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করেন।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)







