শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনের ৪ বছর পর চেয়ারম্যান হলেন শামছুজ্জামান জামাল

নির্বাচনের ৪ বছর পর চেয়ারম্যান হলেন শামছুজ্জামান জামাল

সংগৃহীত

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪ বছর ৪ মাস ১৯ দিন পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুজ্জামান জামাল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। দীর্ঘ আইনি লড়াই শেষে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল লাঙ্গল প্রতীকে পান ৬ হাজার ২৫২ ভোট।

ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শামছুজ্জামান জামাল। পরে ভোট পুনর্গণনায় দেখা যায়, লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ২২৪ ভোট এবং নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেল পেয়েছেন ৫ হাজার ৯৫৮ ভোট। এতে ২৬৬ ভোটের ব্যবধানে শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়।

গত বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক পবন চন্দ্র বর্মণ এ আদেশ দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়।

তবে, ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন সালাহ উদ্দিন কাদের রুবেল। পরে উচ্চ আদালতও শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। সর্বশেষ গত ৩০ মার্চ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংশোধনী গেজেটে তাকে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় যান শামছুজ্জামান জামাল। পরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, আইনি লড়াই শেষে আজ শপথের মাধ্যমে দায়িত্ব পেয়েছি। আমার এই বিজয় ইউনিয়নের মা-বোন ও সাধারণ মানুষের। তাদের কষ্ট ও সমর্থনের কারণেই আমি বিজয় ফিরে পেয়েছি। আগামী ৫-৬ মাস গরিব ও মেহনতি মানুষের জন্য এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে বিনাস্বার্থে কাজ করে যাব।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন