রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ডিবি পরিচয়ে ৫২০ কেজি জিরা লুট, গ্রেপ্তার ৩

ডিবি পরিচয়ে ৫২০ কেজি জিরা লুট, গ্রেপ্তার ৩

সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (৮ মে) ভোরে দেবিদ্বারের পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মো. নাজমুল হাসান (২৮) একই এলাকার মো. মাসুক হোসেন মনা (২৬) ও উপজেলার খলিলপুর গ্রামের মো. জুয়েল (৩০)।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহন নামের একটি বাসে করে ১৪ বস্তা জিরা নিয়ে সিলেট যাচ্ছিলেন মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বাসটির পথরোধ করে ১৪-১৫ জনের একটি সশস্ত্র চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে বাসে মাদক আছে বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাসে ১৪ বস্তা জিরা (যার ওজন ৫২০ কেজি) জব্দ করার নাটক সাজিয়ে তা লুট করে নেয়। এতে বাধা দিলে বাসের কর্মচারী ও যাত্রীদের মারধর করা হয়।

এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী মাহমুদুল হাসান দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের মধ্য থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে জিরাগুলো উদ্ধার করা হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার ও লুট হওয়া জিরার চালান উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন