সংগৃহীত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ (২৫ বৈশাখ)। জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে অনুরাগীরা।
শুক্রবার (৮ মে) থেকে এ উৎসব পালিত হবে। উৎসবকে কেন্দ্র করে কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব। ছড়াচ্ছে উৎসবের আমেজ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রবীন্দ্র-ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতিবিজরিত কাছারি বাড়ি প্রাঙ্গন।
এখানে বসেই কবি রচনা করেছেন সোনারতরী, চৈতালী, কল্পনা, পোস্ট মাস্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮টি ছিন্ন পত্রাবলী প্রবন্ধের অংশ বিশেষ,বিসর্জন এর মতো সাহিত্য কর্ম। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে। এখনো যার প্রভাব রয়েছে শাহজাদপুরের মানুষের জীবনাচরণে।
প্রতিবছরেই কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব উদযাপনে ভিন্ন রকমের অপেক্ষা ও আগ্রহ থাকে এই অঞ্চলের মানুষের মাঝে, সৃষ্টি হয় উৎসবের আমেজ।
ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠনের সংস্কৃতি কর্মীরা। গান, নৃত্য, গীতিনাট্য সহ থাকবে আরও নানা আয়োজন।

রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী উৎসব সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে অডিটোরিয়াম ও মিউজিয়াম, শেষ হয়েছে সাজসজ্জার কাজ।শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ‘জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে ৮, ৯ ও ১০ মে- ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে তিনদিনের আনুষ্ঠানিকতা, আয়োজন করা হয়েছে রবীন্দ্র মেলাও। উৎসবের এই সময়গুলোতে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগীদের ঢল নামবে কাছারি বাড়িতে। সেটি বিবেচনায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি।’

.webp)










