সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, আমদানিনির্ভরতা ও ক্রয় জটিলতা কমাতে রেলওয়ে কোচ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাতেই তৈরি করা করা হবে। এজন্য লোকবল ও যন্ত্রপাতি এবং কাঁচামাল সংকট দূর করে গতি সঞ্চার করতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগ বাস্তবায়য়ন করতে কারখানাটির আধুনিকায়নে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আফজাল হোসেন বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা অনেক আগে প্রতিষ্ঠিত। বর্তমানে এখানে জনবল ও ইকুইপমেন্ট সংকট থাকায় চাহিদামতো উৎপাদন সম্ভব হচ্ছে না। এই সংকট দূর করাসহ আধুনিকায়ন জরুরি। এ কারখানা অচল হলে বাংলাদেশ রেলওয়ে মুখ থুবড়ে পড়বে। যা দেশের রেল পরিবহন ক্ষেত্রে চরম দুরাবস্থার সৃষ্টি করবে। তাই এদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে বর্তমান সরকার।
তিনি আরও বলেন, সক্ষমতা বৃদ্ধি করে এ দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাকে রেলওয়ের মূল কেন্দ্রে পরিণত করা হবে। সে কারণেই মূলত এই পরিদর্শনে আসা। যাতে সমস্যা ও সংকট নিরূপণ করে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা যায়।
এসময়ে পঞ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক মো. ফরিদ আহমেদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট











