শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার নিন্দা ছাত্রপক্ষের

ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার নিন্দা ছাত্রপক্ষের

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স এবং সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, মুক্তচিন্তা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির বিকাশের স্থান। সেখানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে, একটি স্বার্থান্বেষী মহল ভয় ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চায়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। 

বিবৃতিতে তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারা আরও বলেন, সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে কোনোভাবেই সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ এবং মতপ্রকাশের স্বাধীনতার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে সচেতন শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ এপ্রিল ২০২৬ || ১১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন