সংগৃহীত
দূরদেশে বন্দিদশা থেকে এক ব্যক্তির পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা ‘দম’ এবার বড় পরিসরে দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। দর্শক ও হল মালিকদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে মুক্তির চতুর্থ সপ্তাহে দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে আফরান নিশো অভিনীত এই সিনেমাটি।
প্রযোজক শাহরিয়ার শাকিল সিনেমাটি মুক্তির আগেই ঘোষণা দিয়েছিলেন, পাইরেসি রোধে প্রথম দুই সপ্তাহ এটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে। সেই পরিকল্পনা অনুযায়ী এতদিন সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই চলে আসছিল। তবে এবার প্রযোজক জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশের সকল সিংগেল স্ক্রিনে একযোগে মুক্তি পাবে ‘দম’।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, সবার একটাই প্রশ্ন ছিল যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘দম’ কবে আসবে। আমাদের একটি সুচিন্তিত সিদ্ধান্ত ছিল যে সিংগেল স্ক্রিনে প্রথম দুই বা তিন সপ্তাহ এটি মুক্তি দিব না। সেই সিদ্ধান্ত থেকেই এতদিন এটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলেছে। এখন দর্শক ও হল মালিকদের প্রবল আগ্রহে আমরা আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশের সিনেমা হলগুলোতে সিনেমাটি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবারের ঈদের সিনেমা ‘দমের’ গল্পে দেখা যায়, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে তার বেঁচে ফেরার আকুতি ও মানবিক লড়াই নিয়েই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে তাদের সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুরসহ একঝাঁক তারকা অভিনয়শিল্পী।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)













