সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এতে উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের দোয়েল চত্বর এলাকায় এ সংঘর্ষ হয়।
রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দলের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এর জের ধরে গত বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়। তখনও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এর মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত ১০টার দিকে দুই গ্রাম আবারও সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণে ঘটে। টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষ দীর্ঘক্ষণ সংঘর্ষ চালায়। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষের কারণে সড়কের দুইপাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উভয় পক্ষের বহু ব্যক্তি আহত হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
সূত্র: ঢাকা পোষ্ট













