সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুতের দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযুক্ত মকবুল হোসেন (৪০) তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত অকটেনের সন্ধান পাওয়া যায় এবং ২০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, মকবুল হোসেন অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
আশিক আলী/এসএইচএ
সূত্র: ঢাকা পোষ্ট










