সংগৃহীত
কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৭) নামে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের এক সক্রিয় কর্মী নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের রাজনীতি করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খোরশেদের সঙ্গে ঘটনাস্থলে থাকা তারিন (২২) নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনিও জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে জড়িত ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শহরের কবিতা চত্বর সংলগ্ন জনমানবহীন নির্জন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম শহরের ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা শাহ্ আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থান করছিলেন খোরশেদ আলম। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কয়েকজন বন্ধু তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, খোরশেদের পেট ও পায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খোরশেদের বন্ধু শাহজাহান জানান, ‘আমাকে হঠাৎ খোরশেদের নম্বর থেকে ফোন দিয়ে তারিন জানায়, খোরশেদকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
হত্যাকাণ্ডের পর কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। তাৎক্ষণিক বের করা হয় বিক্ষোভ মিছিল।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘আমার সহযোদ্ধাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অপরাধী যেই হোক অনতিবিলম্বে শনাক্ত করে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি।’
ঘটনাস্থল থেকে একটি কাঁচি এবং নারী-পুরুষের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও বলা যাচ্ছে না কি কারণে এই ঘটনা ঘটেছে। তার সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ
সূত্র: ঢাকা পোষ্ট










