বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

শিল্পকলা একাডেমির আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

শিল্পকলা একাডেমির আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নগরবাসীর ঈদের আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে আগামী ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। এতে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আয়োজন প্রসঙ্গে মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির সমাজ গঠনে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে গুরুত্ব দিয়ে উদযাপন করা প্রয়োজন। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে এবং এতে সবার সরব অংশগ্রহণ কামনা করা হচ্ছে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য এবং সমীর কাওয়াল অংশগ্রহণ করবেন।

এছাড়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আকর্ষণীয় মেহেদি কর্নার। সবাইকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সূত্র: ঢাকা পোষ্ট