বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ব্যাংক-শপিং মলের নিরাপত্তা, ভেজাল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিএমপির সভা

ব্যাংক-শপিং মলের নিরাপত্তা, ভেজাল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিএমপির সভা

সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর ব্যাংক, শপিং মলগুলোর নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনাসংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা করেছে ডিএমপি।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা জোরদার, ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মো. সরওয়ার বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে সময়মতো গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন, সেজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে। ইফতারের সময় অনেক পুলিশ সদস্য সড়কেই ইফতার করছেন, যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে।

তিনি আরও বলেন, ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাস চলাচলের সড়কে ব্যাটারিচালিত রিকশা প্রবেশ ঠেকাতে ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। সবার সহযোগিতায় রমজান মাস শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রোজায় এখন পর্যন্ত ঢাকা মহানগরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ধারা অব্যাহত থাকলে ঈদ উৎসবও সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হবে।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি দোকান ও মার্কেটগুলো সিসিটিভির আওতায় আনার আহ্বান জানান। এতে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা মিলবে এবং অপরাধ প্রতিরোধ সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। প্রয়োজনে নিকটস্থ থানা ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানান। এছাড়া রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএএ/জেডএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: