বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মুশফিকের নির্দেশনা মেনে রোজা রেখে খেলেছেন সাইফ

মুশফিকের নির্দেশনা মেনে রোজা রেখে খেলেছেন সাইফ

সংগৃহীত

পবিত্র রমজানেও ২২ গজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে কেউ কেউ রোজা রেখেই ওয়ানডে ফরম্যাটের বিসিএলে খেলেছেন। টুর্নামেন্টের ফাইনাল জিতে গতকাল (মঙ্গলবার) চ্যাম্পিয়ন হওয়া সেন্ট্রাল জোনের ক্রিকেটার সাইফ হাসান জানালেন, রোজা রেখে খেলতে গিয়ে তার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস কাজ করেছে।

যদিও রোজা রেখে খেলা সহজ ছিল না। বিশেষ করে বগুড়া-রাজশাহীতে লিগ পর্বের ম্যাচগুলো হয়েছে দিনের আলোতে। আর ফাইনাল ম্যাচটি হয়েছে দিবারাত্রির, ফলে ব্যাটিংয়ের আগে ইফতার করে নেওয়ার সুযোগ পেয়েছেন সাইফরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ জানান, ‘কিছুটা তো আত্মবিশ্বাস দেয়। রোজার মধ্যে খেলাটা কিছুটা কষ্ট ছিল। এই ম্যাচ যেহেতু দিবারাত্রির ছিল, একটু নির্ভার ছিলাম। এক ইনিংস কষ্ট করতে হয়েছে, পরে রোজা ভেঙে খেলছি। ফুল ডে ম্যাচে হাইড্রেশনে একটু সমস্যা হচ্ছিল। সব মিলে ভালো প্রস্তুতি হয়েছে।’

রোজা রেখে খেলার ক্ষেত্রে শরীরে পানি ধরে রাখার প্রক্রিয়ায় ভারসাম্য বা হাইড্রেশনের দিকটি বিশেষভাবে নজরে রাখতে হয়। এক্ষেত্রে সাইফকে সহায়তা করেছেন মুশফিকুর রহিম, ‘যেহেতু রোজা রেখে খেলেছি সব ম্যাচ, রোজা রাখার আগে মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি তো সবসময় রোজা রেখে খেলেন, মিস দেন না। উনার থেকে (জেনে) নেওয়ার চেষ্টা করেছি কীভাবে প্রস্তুতি নেন। আগেরদিন অনেক গুরুত্বপূর্ণ। এসব নিয়েই কথা হয়েছে।’

এসএইচ/এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: