সংগৃহীত
বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে মালদ্বীপে বর্ণাঢ্য প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে এমএনইউ বিজনেস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীসহ মালদ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার বন্ধন দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা মত দেন।
এ বছরের প্রতিপাদ্য ছিল 'বহুভাষিক শিক্ষায় যুবসমাজের ভূমিকা'। অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষা মানুষের পরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের মূল ভিত্তি। তিনি মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ ও নতুন প্রজন্মের মধ্যে ভাষাপ্রীতি জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধিভেহি বাহুগে একাডেমির সহ-সভাপতি জুলফা ইব্রাহিম। তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ভাষা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানচর্চার ধারক। প্যানেল আলোচনায় মাতৃভাষা সংরক্ষণ, ভাষাগত মর্যাদা রক্ষা ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলা ও ধিভেহি ভাষায় আবৃত্তি, কবিতা পাঠ এবং ঐতিহ্যবাহী ধিভেহি রাইভারু পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
বিশেষ পর্বে উপস্থিত ছিলেন ধিভেহি বাহুগে একাডেমির সভাপতি কবি হাসান শাকির মোহামেদ। তিনি মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা সংরক্ষণে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।
সূত্র: ঢাকা পোষ্ট










