সংগৃহীত
আজ বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন ৮নং বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল সীমান্তে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে বাংলাদেশি কৃষকরা ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করেছে এমন দাবি তুলে আচমকা তাদের ধাওয়া করে বিএসএফ সদস্যরা। কোনো আন্তর্জাতিক নিয়মে স্বাধীন সার্বভৌম দেশে ঢুকে এই ধরনের সশস্ত্র হামলা কোনোভাবেই বৈধতা পায় না। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে, কোনো বাংলাদেশি নাগরিক বা কৃষক সীমান্ত রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তবুও প্রশ্ন ওঠে, একটি পেশাদার সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিএসএফ কি কোনো আন্তর্জাতিক নিয়ম মেনেছে?
আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উপায়ে তাকে হ্যান্ডওভার করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু কোনো আইনি বা অফিশিয়াল নিয়মের তোয়াক্কা না করে বিএসএফ নিরস্ত্র জনগণের উপর সরাসরি হামলা করেছে। সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে অস্ত্রশস্ত্র নিয়ে একটি স্বাধীন দেশের ভূখণ্ডে ঢুকে তারা নিরস্ত্র ও নিরীহ কৃষকদের ওপর চড়াও হয়।
নিজেদের আত্মরক্ষার্থে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে লাঠিসোটা নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলায়, প্রতিরোধের মুখে টিকতে না পেরে, বিএসএফ সদস্যরা কাপুরুষোচিত ভাবে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বুড়িমারী সীমান্তের পরিস্থিতি বিজিবির কড়া নজরদারিতে স্বাভাবিক রয়েছে।










