রোববার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বগুড়ায় একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা

বগুড়ায় একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা

সংগৃহীত

বগুড়ার আলতাফুন্নেসায় একই মাঠে উড়ছে আকাশী-নীল ও হলুদ-সবুজ পতাকা। একপক্ষ গাইছে কাওয়ালি গান, অন্যপক্ষ উপহার দিচ্ছে সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর। ফুটবল বিশ্বকাপের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের এমন ব্যতিক্রমী সম্প্রীতির র‍্যালির সাক্ষী হলো বগুড়াবাসী। মাঠের লড়াই মাঠে সীমাবদ্ধ রেখে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে ইতোমধ্যে ফুটবল জ্বরে আক্রান্ত সারা দেশ। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। এরই অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজনের শুরুতেই আর্জেন্টিনা সমর্থকরা মাঠসংলগ্ন এলাকায় তিনটি বৃক্ষরোপণ করেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে মাঠটি রূপ নেয় নীল-সাদা ও হলুদ-সবুজের বর্ণিল মিলনমেলায়। প্রায় ৬০০ আর্জেন্টিনা ও শতাধিক ব্রাজিল সমর্থকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ব্যান্ড পার্টি, বাঁশি, রঙিন বেলুন, পতাকা, মাথার ফিতা ও ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় যৌথ আনন্দ শোভাযাত্রা। দুই দলের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচে-গেয়ে অংশ নেন উৎসবে। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পৌঁছালে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কাওয়ালি গান পরিবেশন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।

তবে আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল দুই দলের সমর্থকদের উপহার বিনিময়। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের হাতে তুলে দেন সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর। জবাবে আর্জেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের উপহার দেন সেভেন আপ।

আয়োজনের অন্যতম সমন্বয়ক ও আর্জেন্টিনা সমর্থক মাহবুব আলম জিয়ন বলেন, খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সবাই বন্ধু। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, গতবারের মতো এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনা সমর্থক ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, ফুটবল এমন একটি খেলা, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে। মেসির শেষ বিশ্বকাপে তরুণদের নিয়ে আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে বলে আমি বিশ্বাস করি।

আর্জেন্টিনার নারী সমর্থক সুমাইয়া বলেন, আমার পছন্দের খেলোয়াড় মেসি, আশা করি তিনি এবারও ভালো খেলবে। 
 তিনি আরও বলেন,এবারও বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে। 

অন্যদিকে ব্রাজিল সমর্থক আখতারুজ্জামান সোহাগ বলেন, দল ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই ভাই। বগুড়ার এই আয়োজন প্রমাণ করেছে ফুটবল বিভেদ নয়, বন্ধুত্বেরও প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এবার ব্রাজিলের হেক্সা মিশন সফল হবে।

ব্রাজিল সমর্থক কমিটির সদস্য পরিমল প্রসাদ রাজও এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ব্রাজিলের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত জয়সোয়াল, পরিমল প্রসাদ রাজ, আব্দুস সালাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মব্যস্ততার মাঝেও বগুড়াবাসীকে একটি সুশৃঙ্খল, আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ উৎসব উপহার দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ ফুটবলপ্রেমীরা। তাদের মতে, খেলাধুলা ঘিরে এমন ইতিবাচক আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ জুন ২০২৬ || ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: