সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি

ফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি

সংগৃহীত

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয় বা কোনো গোষ্ঠীর নয়, এটি দেশের প্রতিটি পরিবারের জন্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

রোববার (২৪ মে) চট্টগ্রামের হাটাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলে তিনি। 

জেলা প্রশাসক বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।’  

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। আমরা শুরু থেকেই বলেছি, ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো এরর’। কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে কাজ করতে হবে। 

এসময় ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ব্যবহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা পিছিয়ে আছে, তাদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।’ 

নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের মায়েরাই সন্তানের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কল্যাণকর চিন্তা করেন। তাই পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘গুড মাদার, গুড ন্যাশন অর্থাৎ একজন ভালো মা একটি ভালো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’ 

বক্তব্যে তিনি সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের দিকে যথেষ্ট নজর দিতে পারছি না। অথচ তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তার কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও ঠিক হবে না। অর্থ দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।’ 

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং এ কার্যক্রমে নিয়োজিত সমাজকর্মীরা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ মে ২০২৬ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন