সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যুবকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম আইয়ুবকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (২৪ মে) রাত ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পার্শ্ববর্তী জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবির মাজির বাড়ির মো. জহিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধপুরা বাজার থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শরিফুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ৫ম শ্রেণির শিক্ষার্থী পরিবারের হেফাজতে রয়েছে বলে জানায় পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশি অভিযানে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা করা হয়। যথাযথ প্রক্রিয়া মেনে আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে পরিবারের জিম্মায় দেওয়া রয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট











