সংগৃহীত
বট ফার্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া আইডি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গত রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, এগুলো বেশি করছে পাকিস্তান। এছাড়া অন্যান্য দেশও এতে জড়িত আছে।
তিনি দাবি করেন, ভুয়া আইডির মাধ্যমে ইসরায়েলিদের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন আর ইসরায়েলকে পছন্দ করেন না।
নেতানিয়াহু বলেন, “বেশ কিছু দেশ মূলত ভুয়া অ্যাকাউন্ট বা 'বট ফার্ম' ব্যবহার করে সোশ্যাল মিডিয়া দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি আমেরিকার যে সহানুভূতি রয়েছে তা নষ্ট করা এবং আমেরিকা-ইসরায়েল জোটের মধ্যে ফাটল ধরানো।”
তিনি আরও বলেন, “আপনি শুনে থাকবেন এমন টেক্সট মেসেজ আসে, যেটিতে আমেরিকান সেজে বলা হয়, ‘আমি টেক্সাসের একজন আদি মানুষ। আমি সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি। কিন্তু এখন তারা যা করছে এতে করে আর তাদের পাশে দাঁড়াতে পারছি না। আমি ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছি’। কিন্তু আপনি তখন খুঁজে পাবেন এই মেসেজটা পাঠানো হয়েছে পাকিস্তানের কোনো বেজমেন্ট থেকে।”
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)












