বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুটি বিল সংসদে উত্থাপন

বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুটি বিল সংসদে উত্থাপন

সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও কমিশনার/সদস্য পদে সর্বোচ্চ বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।

বিল দুটি পাস হলে এই দুই নিয়ন্ত্রক সংস্থা—বিএসইসি ও আইডিআরএ-তে যে কোনো বয়সের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে আলাদাভাবে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে বিল দুটি জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পরীক্ষা করার জন্য পাঠানো হয়, যার প্রতিবেদন বুধবার (২৯ এপ্রিল) দেওয়ার কথা রয়েছে।

বর্তমান আইনে, কোনো ব্যক্তি ৬৫ বছর বয়স পূর্ণ করলে তাকে বিএসইসি-এর চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের যোগ্য হিসেবে গণ্য করা হয় না কিংবা ওই পদে তিনি বহাল থাকতে পারেন না। এই বিধানটি উত্থাপিত বিলে বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে।

আইডিআরএ আইনে উল্লেখ আছে, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। তাই সংসদে উত্থাপিত বিলটিতে এই বিধানও বাতিলের প্রস্তাব করা রাখা হয়।

বিল দুটির উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইনগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ এপ্রিল ২০২৬ || ১৬ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন