সংগৃহীত
কিংবদন্তি বক্সার মাইক টাইসন যেন ভর করেছিল তার ওপর। ডান হাতের হুকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কুপোকাত করলেন গোলকিপার। সেখান থেকেই শুরু বড় ধরনের হাতাহাতি।
স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে লেগে যায় মারামারি। জারাগোজা কিপার এস্তেবান আন্দ্রাদা হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে ঘুষি মেরে বড় শাস্তির মুখে পড়তে পাচ্ছেন।
ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্ত। টাচলাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জারাগোজা গোলকিপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবার মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন।
দুই দলের খেলোয়াড় ও স্টাফ সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। মাঝে পড়ে যান আন্দ্রাদা। সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মারেন হুয়েস্কা গোলকিপার দানি জিমেনেজও। তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও মার্চিং অর্ডার পান।
হুয়েস্কা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। দুই দলই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে তারা।
নিজের কৃতকর্মে অনুশোচনায় পুড়ছেন আন্দ্রাদা, ‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব, ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। তাই আমি খুব দুঃখিত।’
তিনি আরও বললেন, ‘আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছিলাম। সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এটা ছিল জটিল একটা মুহূর্ত, আমি আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করছি। আর কখনো এরকম করব না কারণ আমি জানি আমি অনেকের পরিচিত মুখ, বহু বছর ধরে পেশাদার একজন ফুটবলার। আর জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাই, কারণ আমরা সহকর্মী।’
সূত্র: ঢাকা পোষ্ট













