মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

পাঁচলাইশে একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

পাঁচলাইশে একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক সময়ে অভিযান চালিয়ে একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এই তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং আরও একজন নারী সদস্য।

পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাত ১০টা ৫ মিনিটে একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

তিনি বলেন, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, পরিবহন রিসিট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সূত্র: ঢাকা পোষ্ট