বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

রাজশাহী মেডিকেলে নবজাতকদের জন্য ২ ভেন্টিলেটর হস্তান্তর

রাজশাহী মেডিকেলে নবজাতকদের জন্য ২ ভেন্টিলেটর হস্তান্তর

সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ২টি উচ্চমানের নিওনেটাল ভেন্টিলেটর হস্তান্তর করা হয়েছে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব ভেন্টিলেটর সরবরাহ করে।

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুলজামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম আনুষ্ঠানিকভাবে ভেন্টিলেটরগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক নাসিরুল্লাহ জানান, পর্যায়ক্রমে মোট ১০টি ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে দেওয়া হবে। এর মধ্যে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে এবং বাকি ভেন্টিলেটরগুলো আমদানির প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত এ উদ্যোগ গ্রহণ করা হয়।

হাসপাতাল পরিদর্শন শেষে সচিব কামরুলজামান চৌধুরী জানান, রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সুবিধার অভাবে তা এখনো চালু হয়নি। তিনি বলেন, খুব শিগগিরই সেখানে শিশুদের বহির্বিভাগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সেটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তর করা হবে

সূত্র: ঢাকা পোষ্ট