সংগৃহীত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল এবার ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশা মোড়ানো মৌসুম পার করছে। এ নিয়ে টানা তিন ম্যাচে (দুই হার ও এক ড্র) তারা জয়হীন থাকল। ব্রাইটনের মাঠ থেকে এবার ফিরল হার নিয়ে। শুরুর দিকে গোল হজমের পর প্রথমার্ধে সমতায়ও ফিরেছিল আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু ব্রাইটনের পরের গোলটি (২-১) আর অলরেডরা শোধ দিতে পারেনি। অন্যদিকে এভারটনের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে চেলসি।
গতকাল (শনিবার) রাতে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুল-ব্রাইটনের দ্বৈরথ ছিল প্রায় সমানে সমান। পজেশনে (৪৭ শতাংশ) কিছুটা পিছিয়ে থাকলেও ১৬ শট নিয়ে ৬টি লক্ষে রাখতে পারে স্বাগতিক ব্রাইটন। বিপরীতে ডিফেন্ডিং চ্যাম্পিয়দের ১১ শটের মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। ব্রাইটনের পক্ষে ড্যানি ওয়েলবেক জোড়া এবং লিভারপুলের মিলোস কারকেজ একটি গোল করেন।

ব্রাইটন লিড পায় খেলার ১৪ মিনিটে, ওয়েলবেক সতীর্থের হেড পাস পেয়ে কাছ থেকে দেওয়া হেডে বল জালে জড়ান। ৩০ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন লিভাপুলের হাঙ্গেরিয়ান লেফটব্যাক কারকেজ। তবে ওয়েলবেকই ফের সেই সমতা ভেঙেছেন। ৫৬ মিনিটে তার ও দলের দ্বিতীয় গোল ব্রাইটনের জয় নিশ্চিত করে। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। এই হারে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে স্লটের দল পাঁচ এবং ব্রাইটন ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে।
দিনের অপর ম্যাচে এভারটনের মাঠে সবদিক থেকে চেলসির আধিপত্য থাকলেও তারা কোনো গোল করতে পারেনি। উল্টো হজম করেছে ৩ গোল। ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ১০টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে, ৮ শটের ৭টিই লক্ষ্যে ছিল এভারটনের। স্বাগতিকদের পক্ষে বেটো জোড়া এবং ইলিমান এনদিয়ায়ে একটি গোল করেছেন।
প্রথমার্ধের ৩৩ মিনিটেই ম্যাচে লিড নেয় এভারটন। সতীর্থের রক্ষণচেরা পাস ধরতে দ্রুতগতিতে ছুটতে থাকেন বেটো, তাকে রুখতে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ এগিয়ে এলেও কাজ হয়নি। তার মাথার ওপর দিয়ে আলতো করে বল তুলে দেন বেটো। দ্বিতীয় গোলে বড় ভুল করে বসেন সানচেজ। ৬২ মিনিটে নিজেদের অলসতায় মাঝমাঠে বল হারায় চেলসি, এরপর বক্সে বেটো শট হাত না বাড়িয়ে পা দিয়ে ঠেকাতে গিয়ে গোলরক্ষক আরেকটি গোল হজমে অবদান রাখেন। ৭৬ মিনিটে এনদিয়ায়ে তৃতীয় গোল করে শেষ পেরেক ঠুকে দেন চেলসির কফিনে।
চেলসির বেশ কয়েকটি জোরালো শট দারুণভাবে ঠেকিয়েছেন জর্ডান পিকফোর্ড। এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে এভারটন। ৩১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে দলটি, সাতে থাকা ব্রেন্টফোর্ডেরও সমান পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চেলসি।
এএইচএস
সূত্র: ঢাকা পোষ্ট













.webp)
