শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে আরও ছয় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে আরও ছয় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সারাদিনে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী তিনটি এরাইভাল এবং একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে।

তবে অন্যান্য এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত পাঁচটি এরাইভাল ফ্লাইট এবং চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৃহস্পতিবারের ছয়টি বাতিল হওয়া ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

এমআর/এমটিআই

সূত্র: ঢাকা পোষ্ট