রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কাঠের বাটাম দিয়ে আঘাত করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) এর বিরুদ্ধে।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মামুনুর রশীদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার (১৪ মার্চ) বিকেলে ষোল মাইল বাজার এলাকায় একটি বিবাদকে কেন্দ্র করে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শেখের সঙ্গে কথাকাটাকাটি হয় এই পুলিশ সদস্যের। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে এএসআই মামুনুর রশীদ আহত হন।

ঘটনার পর থেকেই ওই বিএনপি নেতা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, ঘটনার বিষয়ে আমার তেমন জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আনু (বিএনপি নেতা) ও রুহুলের নাম এসেছে। তবে চিকিৎসকের পরামর্শে আহত এএসআইয়ের সঙ্গে এখনও বিস্তারিত কথা বলা হয়নি।

নাজমুল হাসান/এসএইচএ

সূত্র: ঢাকা পোষ্ট