শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

সংগৃহীত

দুঃখ, স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনা কখনো কখনো মানুষকে অনেক বেশি পরিণত করে তোলে। মাহমুদউল্লাহর বেলাতে এই কথা বেশ প্রযোজ্য। ২২ গজে তিনি অনেক পরিণত হয়ে উঠেছিলেন তার ক্যারিয়ারের নবম বছরের এক হৃদয়বিদারক মুহূর্তের শিকার হয়ে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ভারতের কাছে ১ রানের অবিশ্বাস্য হার তার জীবন বদলে দিয়েছিল।

সম্প্রকি এক পডকাস্টে ক্যারিয়ারের নানা জানা-অজানা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফিরে গেলেন প্রায় ১০ বছর আগে। বেঙ্গালুরুতে সেদিন ভারতকে ১৪৬ রানে বেঁধে রেখেছিল বাংলাদেশ। লক্ষ্যে নেমে শেষ ওভারে প্রয়োজন ১১ রানে নামিয়ে আনেন মাহমুদউল্লাহ ও মুশফিক। প্রথম বলে মাহমুদউল্লাহ সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে পাঠান মুশফিককে। এই কিপার ব্যাটার টানা দুটি চার মেরে ম্যাচ হাতের মুঠোয় নেন। শেষ তিন বলে দরকার মাত্র ২ রানের। মুশফিক ও মাহমুদউল্লাহ পরপর আউট হয়ে গেলেন বড় শট খেলতে গিয়ে। দুজনেই ক্যাচ আউট হন। শেষ বলে মুস্তাফিজুর রহমান রানআউট হলে অবিশ্বাস্য জয় পায় ভারত। 

সেই ম্যাচ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি জানি না (ভারতের বিপক্ষে সেই ম্যাচে কী ঘটেছিল)। সেটা ছিল বিয়োগান্তক ও অত্যন্ত হৃদয়বিদারক। আমার মনে হয় ওটা চরমভাবে হৃদয়বিদারক ছিল। আমরা মাঠের মধ্যেই কেঁদেছিলাম। যখন আমরা হোটেলে ফিরলাম, আমরা তখনও কেঁদেছিলাম। আমি, মুশফিকুর রহিম— আমরা সবাই কেঁদেছিলাম। দলের আরও অনেক সদস্যও কাঁদছিল কারণ আমরা ভারতকে হারানোর খুব কাছে ছিলাম।’

সেই হার বদলে দিয়েছে মাহমুদউল্লাহকে, ‘কিন্তু ব্যক্তিগতভাবে, আমার জীবনে সেটি ছিল জীবন বদলে দেওয়ার মতো একটি শিক্ষা। আপনি ম্যাচটিকে শেষ বল পর্যন্ত নিয়ে যাবেন এবং সেখানেই শেষ করে আসবেন। কিন্তু সেই নির্দিষ্ট মুহূর্তে আমি ভাবছিলাম যে আমরা যদি স্রেফ একটি বাউন্ডারি মারতে পারি তবেই আমরা জিতে যাব। সত্যি বলতে, ওটা বোকামি ছিল।’

সূত্র: ঢাকা পোষ্ট