সংগৃহীত
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া ছিল তার ভুল। তিনি প্রকাশ করলেন, ওই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে হতাশ মনোক্ষুণ্ন ছিলেন অক্ষর। খেলা শেষে ব্যক্তিগতভাবে এই অলরাউন্ডারের কাছে ক্ষমা চান তিনি।
আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে ভারত অক্ষরকে বাইরে রেখেছিল। টুর্নামেন্টে ভারতের একমাত্র হারও ছিল সেই ম্যাচে। তার আগে অক্ষর হালকা চোটের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেননি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে বাদ রাখা ছিল কৌশলগত সিদ্ধান্ত। জায়গা পান ওয়াশিংটন সুন্দর। সূর্যকুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, ম্যাচের পর অক্ষরের সঙ্গে কথা বলা ছিল কঠিন।
ভারতের অধিনায়ক বললেন, ‘সে (অক্ষর প্যাটেল) খুব রেগে ছিল এবং সেটাই স্বাভাবিক। সে অভিজ্ঞ খেলোয়াড়, একটি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেয়। তার তো রেগে যাওয়া উচিত।’
৭৬ রানের হারের পর অক্ষরের কাছে ক্ষমা চান সূর্যকুমার, ‘আমি ক্ষমা চেয়েছিলাম। তাকে বলেছি যে আমি ভুল করেছি এবং আমি দুঃখিত। কিন্তু দলের জন্যই সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার সঙ্গে কথা বলা ছিল কষ্টকর। অবশ্য সে সহজে মেনে নিয়েছে এবং পরের দিন আমরা বিস্তারিত আলাপ করেছি।’
অক্ষর টুর্নামেন্ট শেষ করেন ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে। ইকোনমি রেট ছিল প্রায় ৮.২০। নিউজিল্যান্ডের বি পক্ষে ফাইনালে ২৭ রান খরচায় তিন উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এফএইচএম/
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)












