সংগৃহীত
ইরাক-ইরান সীমান্তবর্তী কুর্দিস্তানের কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে স্থল হামলা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটি গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দিদের এ জন্য গোপনে অস্ত্র সরবরাহ করছে।
সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছেন, ইরাকে অবস্থানরত কুর্দি নেতাদের সঙ্গে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। ইরানে স্থল হামলা চালাতে তাদের অস্ত্র দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে।
কুর্দিদের রয়েছে হাজার হাজার যোদ্ধা। যারা ইরান-ইরাকের সীমান্তবর্তীস্থানে অবস্থান করছে। বিশেষ করে ইরাকের কুর্দিস্থান তাদের মূল ঘাঁটি।
এমন অবস্থায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ওপর অন্তত কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা হয়েছে। যেন তারা কোনো ধরনের অভিযান শুরু করতে না পারে।
এক কুর্দি কমান্ডার সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে তারা পশ্চিম ইরানে স্থল হামলা শুরু করতে পারেন।
কুর্দি অপর একটি সূত্র জানিয়েছেন, তাদের প্রাথমিক লক্ষ ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যা করা। যেন ইরানের বড় বড় শহরের বেসামরিক মানুষ রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করতে পারেন।
তবে এ ধরনের অভিযান চালাতে ইরানের কুর্দিদের ইরাকের কর্দিদের সহায়তা প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কুর্দিদের দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে ইরানে সরকার পতনের ক্ষেত্র তৈরি করা তাদের পরিকল্পনায় রয়েছে।
সূত্র: সিএনএন
সূত্র: ঢাকা পোষ্ট














