সংগৃহীত
বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু সামিউল ইসলাম রাফি বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি পেয়েছিলেন। এই বছর জানুয়ারি থেকে বাহরাইনে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। চার মাস পর বাহরাইনের পরিবর্তে গতকাল থাইল্যান্ডে রওনা হয়েছেন দেশসেরা এই সাঁতারু।
সাঁতার ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন,‘জানুয়ারির শুরুর দিকে অনুশীলন শুরুর কথা থাকলেও তার চুক্তিপত্র এসেছিল ফেব্রুয়ারিতে। এরপর ভিসা প্রক্রিয়া শুরু হয়েছিল। কিছুদিন পরই আমেরিকা-ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে অশান্ত হয়। তাই বিশ্ব সাঁতার ফেডারেশন বাহরাইনের পরিবর্তে রাফিকে ট্রেনিংয়ের জন্য থাইল্যান্ডে স্থানান্তর করেছে।’
থাইল্যান্ডের ফুকেটের থানিপাড়ায় আগেও অনুশীলন করেছেন রাফি। আবার সেই জায়গায় গিয়ে রাফি বলছেন, ‘সামনে কমনওয়েলথ ও এশিয়ান গেমস এ জন্য আমার অনুশীলন খুব প্রয়োজন ছিল। তাই বাহরাইনের পরিবর্তে আপাতত থাইল্যান্ডে দুই মাসের জন্য আমাকে বিশেষ ব্যবস্থা করেছে। দুই মাস পর বাহরাইনের পরিস্থিতি ভালো হলে সেখানে পাঠাতে পারে অথবা অন্য কোনো দেশেও দিতে পারে অনুশীলনের জন্য।’
রাফি এখন বাংলাদেশের সেরা পুরুষ সাঁতারু৷ জাতীয় প্রতিযোগিতায় রেকর্ডের পর রেকর্ড গড়েন। গত বছর মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জেতেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন রাফি।
সূত্র: ঢাকা পোষ্ট













.webp)