সংগৃহীত
প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে আরেকটি রেকর্ডময় ম্যাচ উপহার দিলেন বিরাট কোহলি। তার ব্যাটিংয়ে ম্লান সাই সুদর্শনের সেঞ্চুরি এবং গুজরাট টাইটান্সের লক্ষ্য তাড়ায় জেতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ঘরের মাঠে তিনি টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছেন। যা নির্দিষ্ট দেশে কোনো ব্যাটারের প্রথম নজির। এ ছাড়া চার-ছক্কার নতুন মাইলফলকও পূর্ণ করেছেন ভারতীয় এই তারকা।
গতকাল (শুক্রবার) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সফরকারী গুজরাট ৩ উইকেটে ২০৫ রান তোলে। তাদের পক্ষে ৫৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০০ রান করেন সাই সুদর্শন। এ ছাড়া শুভমান গিল ৩২ রান করলে তাদের পুঁজি দুইশ পেরোয়। লক্ষ্য তাড়ায় নেমে বেঙ্গালুরুর ওপেনার জ্যাকব বেথেল দ্রুত ফিরলেও, দেবদূত পাদিক্কালকে নিয়ে দারুণভাবে দলকে জয়ের পথে নিয়ে যান কোহলি। ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন তিনি, এ ছাড়া পাদিক্কালের ব্যাটে আসে ২৭ বলে ৫৫ রান।
গুজরাটকে ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বেঙ্গালুরু। এই জয়ের পথে কোহলি বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ড নিজের করে নিয়েছেন। ম্যাচটিতে ৪৯ রান করলেই ভারতের মাটিতে তার রান ১০ হাজারের মাইলফলকে পৌঁছাত। সেটি পেরিয়ে কোহলি করলেন ৮১ রান। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তিতে তিনি বেঙ্গালুরুর হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি২০, দিল্লির হয়ে সৈয়দ মুসতাক আলি ট্রফি এবং ভারত জাতীয় দলের জার্সিতে খেলেছেন। নির্দিষ্ট দেশে (ভারত) টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৬৩ রান রয়েছে রোহিত শর্মার।
গুজরাট-বেঙ্গালুরুর ম্যাচে কাগিসো রাবাদার করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে চার হাঁকান কোহলি। যা আইপিএলে তার ৮০০তম চার। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮০০ চারের মাইলফলক গড়লেন ৩৭ বছর বয়সী এই তারকা। এই তালিকায় এরপর যথাক্রমে আছেন শিখর ধাওয়ান (৭৬৮), ডেভিড ওয়ার্নার (৬৬৩) ও রোহিত শর্মা (৬৫৩)।
এদিকে, ম্যাচের অষ্টম ওভারে রশিদ খানকে উড়িয়ে মারেন কোহলি। যার মাধ্যমে আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে তিনি নির্দিষ্ট দলের হয়ে ৩০০ ছক্কার মাইলফলক পূর্ণ করলেন। এমন কীর্তি নেই আর কারোই। ৩০০তম ছক্কার মাইলফলকে পৌঁছাতে বেঙ্গালুরুর হয়ে ২৭৪টি ম্যাচ খেলেছেন কোহলি। যদিও আইপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এখনও ইউনিভার্স-বসখ্যাত ক্রিস গেইল দখলে রেখেছেন। আইপিএলের তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪২ ম্যাচে সাবেক এই ক্যারিবীয় তারকা ৩৫৭টি ছয় হাঁকান।
আইপিএলে সর্বোচ্চ ছক্কার হিসাবে কোহলির অবস্থান তিনে। তার ওপরে আছেন জাতীয় দল সতীর্থ রোহিত। ডেকান চার্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ২৭৬ ম্যাচে তার ছয় ৩০৯টি। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি ২৬৪, এবি ডি ভিলিয়ার্স ২৫১ ও ডেভিড ওয়ার্নার ২৩৬টি ছয় মেরেছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)

