সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

আমেরিকান ক্রিকেটে প্রথমবার কোনো ভারতীয় খেলোয়াড়

আমেরিকান ক্রিকেটে প্রথমবার কোনো ভারতীয় খেলোয়াড়

সংগৃহীত

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নানান দেশের খেলোয়াড় খেললেও ভারতের ক্রিকেটাররা আইপিএলের বাইরে খেলার অনুমতি পান না। বিদেশি লিগে খেলার সুযোগ পান কেবল আইপিএল ও জাতীয় দল থেকে অবসর নেওয়া ভারতীয়রা। সেই শর্ত মেনে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে খেলা হয়নি।

তবে নতুন করে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় অফস্পিনার। দেশটির প্রথম সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন অশ্বিন। এমএলসি-র দল সান ফ্রান্সিস্কো ইউনিয়কর্নসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। চেন্নাই সুপার কিংসে ফিরে ২০২৫ এর আসর শেষে আইপিএলও ছাড়েন। সম্প্রতি ডালাস ফোর্ট ওর্থ এরিয়ায় একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি।

ওই ম্যাচই অশ্বিনকে এমএলসি ক্লাবের সঙ্গে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছে। গতকাল (শনিবার) ইএসপিএন-কে তিনি বলেছেন, ‘ওই ম্যাচে এশীয় প্রবাসীদের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতেই বুঝতে পেরেছি আমেরিকান ক্রিকেটের সম্ভাবনা কতটা প্রবল হতে পারে। এটা সত্যিই রোমাঞ্চকর।’

এই প্রথমবার আইপিএলের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন অশ্বিন। এর আগে তিনি সিডনি থান্ডারের হয়ে সবশেষ বিবিএলে চুক্তি করেছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে অংশ নিতে দেয়নি। পরে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।  

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস সামনে রেখে ক্রিকেটের বড় উত্থান ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রে। ১২৮ বছর পর অলিম্পিকের এই আসরে ক্রিকেট ফিরছে।  এমএলসি প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘এই প্রথমবার ভারতের বাইরে বড় কোনো বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তিনি খেলতে যাাচ্ছেন। তার মতো একজন দারুণ খেলোয়াড়কে আকৃষ্ট করেছে এই লিগ, এটা প্রমাণ করছে যে ২০২৩ সালে শুরুর পর গত তিন বছরে এই লিগ কতটা উন্নতি করেছে।’

সান ফ্রান্সিস্কো কখনো এমএলসি শিরোপা জেতেনি। সেরা সাফল্য হিসেবে তারা ২০২৪ সালের ফাইনালে খেলেছিল এবং হেরে যায় ওয়াশিংটন ফ্রিডমের কাছে। ছয় দলের এমএলসি শুরু হবে ১৮ জুন থেকে। টেক্টাস, লস অ্যাঞ্জেলস ও ওকল্যান্ডে হবে ম্যাচগুলো। ১৮ জুলাই ফাইনাল হবে ওকল্যান্ড কলিসিয়ামে।

সূত্র: ঢাকা পোষ্ট